
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়।এর আগে গত ২৫ নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ১ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত দিনে আদালত মামলার ১৭ আসামির মধ্যে প্রধান তিনজন—শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন।
মামলার অন্যান্য আসামি,মামলার অন্যান্য অভিযুক্ত ব্যক্তির মধ্যে আছেন—
• মো. সাইফুল ইসলাম সরকার, প্রশাসনিক কর্মকর্তা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়• পুরবী গোলদার, সিনিয়র সহকারী সচিব• অলিউল্লাহ, অতিরিক্ত সচিব• কাজী ওয়াছি উদ্দিন, সচিব• মো. আনিছুর রহমান মিঞা, রাজউক চেয়ারম্যানের সাবেক পিএ• মোহাম্মদ খুরশীদ আলম (কারাগারে আটক)• তন্ময় দাস• মোহাম্মদ নাসির উদ্দীন• মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী• মো. নুরুল ইসলাম, সাবেক পরিচালক• মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক• নায়েব আলী শরীফ, উপ-পরিচালক• মোহাম্মদ সালাহ উদ্দিন, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব• শরীফ আহমেদ, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীতাদের বিরুদ্ধেও বিভিন্ন মেয়াদে শাস্তি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
মামলার নথিতে বলা হয়, চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডে ৬টি সরকারি প্লট অসৎ উদ্দেশ্যে নিজেদের নিয়ন্ত্রণে নেন।তদন্ত শেষে গত ১০ মার্চ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত-৪ অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে আদালত অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে সাজা ঘোষণা করেন।
উল্লেখ্য, প্লট বরাদ্দ নিয়ে গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা ও তার সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ আরও অনেকে আসামি আছেন। এসব মামলায় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।