শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

টেকনাফে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযান: বিপুল গোলাবারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদ, দেশীয় বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে টেকনাফ থানার কোনাপাড়া লবণের মাঠসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, ২টি দেশীয় বিস্ফোরক, ২টি দেশীয় অস্ত্র এবং ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। কোস্ট গার্ড জানায়, পাচারচক্র বা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা এসব অস্ত্র-গোলাবারুদ মজুত করে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সন্ত্রাসী ও অপরাধী চক্রের দমন এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।টেকনাফের সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। সাম্প্রতিক সময়ে এসব যৌথ অভিযানের ফলে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে সফলতা বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত