
‘দিল চাহতা হ্যায়’ মুক্তির ২০ বছর পূর্তিতে ২০২১ সালে নতুন একটি রোড ট্রিপঘরানার নারীকেন্দ্রিক সিনেমার ঘোষণা দিয়েছিলেন বলিউড পরিচালক ও প্রযোজক ফারহান আখতার। নাম দেওয়া হয়—‘জি লে জারা’। ‘জিন্দেগি না মিলেগি দুবারা’র ধাঁচে তিন জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে একটি বন্ধুত্বের গল্প বলতে চেয়েছিলেন তিনি। চিত্রনাট্যের প্রথম খসড়াও তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু অভিনেত্রী আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার ব্যস্ততার কারণে শুটিংয়ের দিনক্ষণ নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। ফলে একাধিকবার শুটিং শিডিউল বাতিল করতে হয় নির্মাতাদের।
সময়ের জটিলতায় শেষমেশ প্রিয়াঙ্কা চোপড়া প্রকল্প থেকে সরে যান। অন্যদিকে আলিয়া ভাটও ব্যস্ত হয়ে পড়েন তার চলতি প্রজেক্টে। তিন তারকার ব্যস্ততায় ‘জি লে জারা’র কাজ কার্যত থমকে যায়। পরে গুঞ্জন ওঠে—সিনেমাটি নাও হতে পারে। তবে সম্প্রতি পরিস্থিতি বদলেছে। নতুন করে আশার আলো দেখা দিয়েছে ফারহানের বহু প্রতীক্ষিত এ প্রকল্পে।
বলিউড সূত্রের খবর, গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়ার সময়সূচি মিলাতে গিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছিলেন ফারহান ও জোয়া আখতার। তবে বর্তমানে প্রিয়াঙ্কা নাকি আবারও কাজটি করতে আগ্রহী হয়েছেন। ফারহানের ঘনিষ্ঠ সূত্র বলছে, তিন নায়িকা নিজেদের সময় মিলিয়ে কাজটি শুরু করতে প্রস্তুত।
নায়িকাদের পাশাপাশি নায়ক নির্বাচন নিয়েও কম ঝামেলা হয়নি নির্মাতাদের। প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনার বিপরীতে কোন অভিনেতাদের নেওয়া হবে—তা নিয়েও দীর্ঘদিন দ্বিধায় ছিলেন ফারহান আখতার, জোয়া আখতার ও রিমা কাগতি। তবে অবশেষে কাস্টিং প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। কোন অভিনেতারা থাকছেন—তা এখনই জানাতে চাননি ফারহান, তবে জানিয়েছেন শিগগিরই এই ঘোষণা দেবেন।
সংবাদমাধ্যমে ফারহান বলেন, “সত্যি বলতে কী, সব অভিনেতা-অভিনেত্রীদের ডেট একসঙ্গে পাওয়া অত্যন্ত কঠিন ছিল। তবে এখন প্রায় সব ঠিক হয়ে গেছে। খুব তাড়াতাড়ি শুটিং শুরু করব আমরা।”
নারীকেন্দ্রিক রোড ট্রিপ সিনেমা বলিউডে এই প্রথমবারের মতো বড়সড়ভাবে তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে পুরুষ চরিত্র কেন্দ্রিক বেশ কিছু রোড ট্রিপ সিনেমা জনপ্রিয় হয়েছে, তবে নারী চরিত্রকে কেন্দ্র করে তেমন ছবি বলিউডে দেখা যায়নি। ফলে প্রিয়াঙ্কা-আলিয়া-ক্যাটরিনার রসায়ন দেখতে আগ্রহী দর্শকরা অপেক্ষায় রয়েছেন। তিন নায়িকার বিপরীতে কারা অভিনয় করছেন, সেই রহস্যের জবাবও শিগগিরই মিলবে ফারহানের কাছ থেকেই


