
আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে সোনার দাম। শুক্রবার (৫ ডিসেম্বর) স্পট মার্কেটে সোনার হার শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ২২৫ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। যদিও সাপ্তাহিক হিসাবে এখনো শূন্য দশমিক ১ শতাংশ নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। (১ আউন্স = প্রায় ২.৪৩ ভরি)
এদিন যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য ফিউচার মার্কেটে সোনার মূল্য ০.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২৫৫ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে। বিশ্ববাজারে টানা কয়েক সপ্তাহের অস্থিরতার পর সোনার দামে নতুন এই বৃদ্ধি আবারো বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ডলারের মানদণ্ডমূল্য দুর্বল হয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা জোরালো হওয়ায় সোনার দামে এই উত্থান দেখা দিয়েছে। সাধারণত ডলারের বিপরীতে সোনার দাম উল্টোভাবে প্রতিক্রিয়া দেখায়। ডলার দুর্বল হলে অন্যান্য মুদ্রায় সোনা কেনা তুলনামূলক সস্তা হয়ে যায়, ফলে বিনিয়োগ বাড়ে এবং দামও বৃদ্ধি পায়।বিশ্লেষকদের মতে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি সভাকে কেন্দ্র করে বাজারে এখন বাড়তি সতর্কতা বিরাজ করছে। বিনিয়োগকারীরা নজর রাখছেন গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি-সংক্রান্ত তথ্যের দিকে, যা ফেডের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবে। ডলার সূচক বর্তমানে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে থাকায় বৈশ্বিক বাজারে সোনার চাহিদা আরও বেড়েছে।
এফএক্সটিএম-এর সিনিয়র গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, “ফেড আগামী সপ্তাহে সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশা এবং ডলারের দুর্বলতা সোনার বাজারকে দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে।” তিনি আরও জানান, অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে সোনা সবসময় নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়, ফলে বিনিয়োগকারীরা আবারও সেদিকে ঝুঁকছেন।অন্যদিকে দেশের বাজারেও সোনার দাম স্থিতিশীল থাকলেও উচ্চ মূল্যমান বজায় রয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাজুস নির্ধারিত দামে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়। সর্বশেষ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাজুস স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়েছিল।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—২২ ক্যারেট সোনা: ভরি ২,১১,০৯৫ টাকা, ২১ ক্যারেট সোনা: ভরি ২,০১,৪৯৬ টাকা, ১৮ ক্যারেট সোনা: ভরি ১,৭২,৭০৯ টাকা, সনাতন পদ্ধতির সোনা: ভরি ১,৪৩,৬৮৯ টাকা, বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে আগামী সপ্তাহে দেশীয় বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে স্বর্ণ ব্যবসায়ীরা ধারণা করছেন।
সূত্র: রয়টার্স


