
পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা সংশোধনের আহ্বান ইসির , ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। শনিবার বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী। দেশভিত্তিক হিসাবে সৌদি আরবে সবচেয়ে বেশি ৩৮,২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রে ১৯,২৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
ইসি জানিয়েছে, অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা প্রদান করতে হবে। ইসি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, প্রবাসীদের অবস্থানরত দেশের প্রচলিত নিয়মানুযায়ী পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে কর্মস্থল বা নির্ভরযোগ্য পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে। ইসির বার্তায় সতর্ক করে বলা হয়েছে, ভুল ঠিকানা দিলে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না। তাই ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে ঠিকানা সংশোধনের সুযোগ রাখা হয়েছে।ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান বাসসকে জানান, ক্রমবর্ধমান আগ্রহ এবং বিপুল সংখ্যক প্রবাসী নাগরিকের অংশগ্রহণ বিবেচনায় নিবন্ধন কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে বিদেশে বসবাসকারী নাগরিকরা তাদের ভোটাধিকারে অংশ নিতে পারছেন সহজে ও নিরাপদভাবে।ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্ব ঘোষিত সময়সীমা ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বিশ্বের যেকোনো দেশ থেকে অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করা যাবে।
তিনি আরও জানান, প্রবাসীদের পাশাপাশি দেশের মধ্যেও পোস্টাল ভোটিং ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। সরকারি কাজে নিয়োজিত কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) ব্যবস্থার আওতায় আসবেন। তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের জন্য এই নিবন্ধন কার্যক্রম চালু থাকবে।গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।নিবন্ধনের জন্য প্রবাসীদের অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে যেখান থেকে তারা ভোট দেবেন। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করার পর সঠিক ঠিকানা প্রদান করলে বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করা হবে।পোস্টাল ভোটিংয়ে বিপুল অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে—আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের উৎসাহ ও প্রত্যাশা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।


