
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা, উসকানি, নৈরাজ্য কিংবা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির যেকোনো অপচেষ্টা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য, নিন্দনীয় ও ঘৃণিত বলে মন্তব্য করেছেন সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মারমা। তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড শুধু নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে না, বরং পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে।
এক বিবৃতিতে পাইশিখই মারমা বলেন, নির্বাচনকে ঘিরে কোনো পক্ষ যদি সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তবে তা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও আইনের শাসনের প্রতি সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে। পার্বত্য চট্টগ্রাম শান্তিপ্রিয় জনপদের পরিচয় বহন করে এবং এখানকার জনগণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও প্রভাবশালী ব্যক্তিবর্গকে আইন বহির্ভূত কর্মকাণ্ড, উসকানিমূলক বক্তব্য ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। দায়িত্বশীল আচরণ, সর্বোচ্চ সংযম এবং সংবিধানসম্মত পথে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
একই সঙ্গে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার স্বার্থে পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।
পাইশিখই মারমা বলেন, যে কোনো ধরনের সহিংসতা, উসকানি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য ব্যক্তিগত পর্যায় থেকে সকল সচেতন নাগরিককে সজাগ, সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।


