
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় দায়ের করা ১১ বছরের এক শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চান্দগাঁও থানার মামলা নং-১০, তারিখ ০৭ জানুয়ারি ২০২৬ ইং; ধারা—নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫) এর অধ্যাদেশ ৯(১) এর এজাহারভুক্ত প্রধান আসামি মো. ইউনুস গ্রেপ্তার এড়াতে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকায় আত্মগোপনে রয়েছে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ০১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ দল নোয়াখালী জেলার সুধারাম থানাধীন হাজিরহাট তিন রাস্তার মোড়স্থ সুমনের মুদিখানা দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে মো. ইউনুস (৪৮), পিতা—আমির হোসেন, সাং—কোরালিয়া, থানা—ভোলা সদর, জেলা—ভোলা’কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালী জেলার সুধারাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


