
পরিবার ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। অভিনেতা জাহের আলভী-র স্ত্রী **ইকরা**র আত্মহত্যার ঘটনার পর পরকীয়ার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগে তিনি এ জিডি করেন।
তিথি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাইবার বুলিং ও হত্যার হুমকির শিকার হচ্ছেন তিনি। পাশাপাশি পরিবার ও নিজেকে নিয়ে অকারণে করা অপমানজনক মন্তব্যও আর সহ্য করতে পারছেন না বলে জানান এই অভিনেত্রী।তার অভিযোগ, বাসার ঠিকানাও জনসমক্ষে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তার ব্যক্তিগত কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রকাশ করা হচ্ছে। এমনকি তাকে হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হচ্ছে।এ কারণে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আশ্রয় নিয়েছেন তিনি। তিথি বলেন, পুরো বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাদের কাছে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমি যদি কোনো অপরাধ করে থাকি, তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেব না।”ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।


