শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img

বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল-কে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বুধবার এ তথ্য জানিয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

রুহুল কুদ্দুস কাজল বর্তমানে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।তার আইনজীবী হিসেবে দীর্ঘ কর্মজীবন রয়েছে। ১৯৯৫ সালে তিনি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৯৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০০৮ সালে আপিল বিভাগের আইনজীবী হন। ২০২৩ সালে তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে স্বীকৃতি লাভ করেন।

আইন পেশার পাশাপাশি তিনি কূটনৈতিক দায়িত্বও পালন করেছেন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ছিলেন।শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের University of London থেকে এলএলবি (অনার্স) এবং City University London থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। এছাড়া Lincoln’s Inn থেকে ব্যারিস্টার-অ্যাট-ল সনদ লাভ করেন।এর আগে ২০২৪ সালের ৮ আগস্ট দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত বছরের ২৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ-কে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসাদুজ্জামান বর্তমানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত