
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯৪৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ মার্চ ২০২৬ তারিখ বুধবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক সীতাকুণ্ড থানাধীন বড় কুমিরা সংলগ্ন মদিনা মার্কেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৯৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


