
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাজধানীসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।তবে এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবামূলক দোকান এবং কাঁচাবাজার।এর আগে গত ১৫ মার্চ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ী নেতারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের শর্তে মার্কেটগুলোর আলোকসজ্জা ৪০ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দেন।
এদিকে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আরও কিছু পদক্ষেপ বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস চালু রাখা, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি এবং হোম অফিস ব্যবস্থার সম্প্রসারণ।বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় অন্যান্য দেশও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কারণে মিশর সরকার রাত ৯টার পর দোকান, রেস্তোরাঁ ও শপিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি রাস্তার বাতি ও বিজ্ঞাপনের আলো কমানোর মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।বিশ্লেষকদের মতে, জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে এমন উদ্যোগ সাময়িকভাবে ভোগান্তি তৈরি করলেও দীর্ঘমেয়াদে এটি বিদ্যুৎ সংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখতে পারে।


