
দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আজ রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলা ও পৌরসভায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।
গতকাল শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।স্বাস্থ্যমন্ত্রী জানান, যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে এই জরুরি টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আগে টিকা নেওয়া শিশুরাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবে। একাধিকবার টিকা নিলেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই বলেও আশ্বস্ত করেন তিনি। এ কর্মসূচির অংশ হিসেবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও খাওয়ানো হবে। তবে বিশেষ নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, শুধুমাত্র অসুস্থ শিশুদের ক্ষেত্রেই ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।
📍 যেসব জেলায় টিকাদান কার্যক্রম চলছে
এই বিশেষ কর্মসূচির আওতায় রয়েছে—বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, যশোর, কক্সবাজার, গাজীপুর, নেত্রকোণা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি এবং শরীয়তপুর।মোট ৩০টি হটস্পট উপজেলা বা পৌরসভা চিহ্নিত করা হয়েছে, যেখানে হামের সংক্রমণ তুলনামূলক বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হিসেবে বরগুনা সদর ও পৌরসভা চিহ্নিত হয়েছে।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই কার্যক্রমের মাধ্যমে দ্রুত হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


