শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
spot_img

ফরিদপুরে কার্ডের প্রলোভনে আবাসিক হোটেলে নিয়ে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী নারী ফরিদপুর পৌরসভার বাসিন্দা। প্রায় ১০ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। অভাবের সংসারে সরকারি সহায়তা পাওয়ার আশায় তিনি প্রতিবেশী সুজন শেখের (৩৫) শরণাপন্ন হন।
অভিযোগে জানা যায়, সুজন শেখ তাকে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন। গত ২ এপ্রিল সকালে উপজেলা পরিষদে যাওয়ার কথা বলে তাকে রিকশায় তুলে নেন। তবে কৌশলে তাকে শহরের গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী নারীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস) সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। হাসপাতালের ছাড়পত্রেও যৌন নির্যাতনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
চিকিৎসা শেষে গত ৬ এপ্রিল বাড়ি ফিরে তিনি মঙ্গলবার ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
এদিকে অভিযুক্ত সুজন শেখ ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ওই নারী কার্ডের জন্য তার বাড়িতে এলে তিনি তাকে লাথি দেন, যার প্রতিশোধ নিতে এই মিথ্যা মামলা করা হয়েছে। তবে তার দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত সুজন শেখ, যিনি শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত—তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত