
১৯৯৩ সালের ‘বাজিগর’ ছবিতে শাহরুখ খান ও কাজল-এর সঙ্গে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন শিল্পা শেঠি। এরপর ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করে বলিউডের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না—এমনটাই জানালেন শিল্পা সম্প্রতি এক সাক্ষাৎকারে। ইউটিউব চ্যানেল ‘টুমরো, টুডে শো’-তে কথা বলতে গিয়ে তিনি বলেন,
“আমি কাজ পেয়েছি, কারণ মানুষ আমার কঠোর পরিশ্রম দেখেছেন। পরিস্থিতি যা–ই হোক না কেন, আমি সবসময় আমার কাজ ডেলিভারি করেছি এবং উপস্থিত থেকেছি।”
এই বক্তব্যেই স্পষ্ট, ক্যারিয়ারের শুরু থেকেই নিজের কাজের প্রতি তিনি কতটা নিবেদিত ছিলেন।একই সাক্ষাৎকারে একটি ভয়াবহ অভিজ্ঞতার কথাও শেয়ার করেন এই অভিনেত্রী। তিনি জানান, শুটিং চলাকালে একবার এইচএমআই লাইটের তাপে তাঁর পিঠ গুরুতরভাবে পুড়ে যায়। শিল্পা বলেন,
“একটি শটে ফ্রেমের বাইরে যেতে হয়েছিল, তখন পেছনের আলোটা আমার পিঠে লেগে যায়। তখন বুঝিনি, পরে জ্বালা শুরু হলে বিষয়টা টের পাই।”এত বড় দুর্ঘটনার পরও কাজ থেকে পিছিয়ে যাননি তিনি। বরং পরদিনই শুটিং সেটে উপস্থিত হন। পিঠে পোড়া থাকার কারণে স্বাভাবিকভাবে পোশাক পরা সম্ভব না হলেও, সামনে থেকে পোশাক পরে সেটি সুতা দিয়ে সেলাই করে নেওয়ার ব্যবস্থা করেন।
শিল্পার ভাষায়,“আমি জীবনে এতটাই কঠোর পরিশ্রম করেছি, যাতে আমার কারণে অন্য কারও ক্ষতি না হয়।”সম্প্রতি রোহিত শেঠি পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা গেছে তাঁকে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘কেডি: দ্য ডেভিল’, যেখানে সঞ্জয় দত্তসহ আরও অনেক তারকার সঙ্গে অভিনয় করছেন তিনি।


