
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার ঘটনায় এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে রাউজান থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা (জঙ্গল রাউজান) এলাকায় বিএনও ব্রিকফিল্ডের উত্তর-পূর্ব পাশে সড়কের ওপর পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এসময় ভিকটিম মোহাম্মদ কাউছার জামান বাবলু (৩৪), পিতা-আবুল কালাম, সাং-পূর্ব রাউজানকে পরিকল্পিতভাবে পিঠের বাম পাশে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের পিতা আবুল কালাম বাদী হয়ে রাউজান থানায় ১২ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার নম্বর ২১, তারিখ ২৬ এপ্রিল ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় ঘটনার পরপরই আসামীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।
প্রত্যক্ষ সাক্ষীর তথ্য এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ আনিছুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স ২৬ এপ্রিল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পূর্ব রাউজান এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামী মোঃ শফি (৩৯) এবং ৫ নম্বর আসামী মোঃ সুমন (৩৩) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


