
বাংলাদেশ পুলিশ‘র জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জোরারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম হলো বিভিন্ন থানার ২৯টি মামলার আসামি মোঃ নুর নবী প্রকাশ রাসেল (৩৬)। তার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার পশ্চিম বড়দেইল এলাকায়।গ্রেফতার অপর দুইজন হলেন কুমিল্লার লালমাই উপজেলার কালাম (২৮) এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সেলিম (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে ডাকাতদের ব্যবহৃত দুটি পিকআপ গাড়ি ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানা পুলিশ‘য় মামলা দায়ের করা হয়েছে।


