
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে তার সহযোগী অপর এক আসামি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ রাত ২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আল-নূর হাসপাতালের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহজনক একটি কালো রঙের এক্সিও প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশিকালে গাড়িটির ব্যাকডালার পেছনে বিশেষ কৌশলে তৈরি গোপন স্থানে লুকিয়ে রাখা ৬৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে গাড়িসহ একজনকে আটক করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন বাবু মোল্লা (৪৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লক্ষ ৪ হাজার টাকা। এছাড়া জব্দ করা প্রাইভেটকারটির মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


