শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

কোতোয়ালীতে জাল দলিল তৈরির কারখানায় অভিযান, মূলহোতা জনি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এনেক্স ভবনে জাল খতিয়ান, দলিল ও মূল্যবান সরকারি কাগজপত্র তৈরি করার অভিযোগে প্রতারণা ও জালিয়াতি চক্রের মূলহোতা মো. জাহিদ হোসেন জনি (৩৪) কে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন সরকারি দপ্তর ও কর্মকর্তার নামে তৈরি ৩২টি নকল সীল এবং ৮ পাতা খতিয়ানের কাগজ জব্দ করা হয়।

জানা যায়, গত ৪ জুন ২০২৬ তারিখে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীনের কাছে গোপন তথ্য আসে যে, আইনজীবী এনেক্স ভবন-১ এর ৭২৫ নম্বর চেম্বারে বিপুল পরিমাণ জাল সরকারি সীল ব্যবহার করে জাল খতিয়ান, দলিল এবং মূল্যবান সরকারি কাগজপত্র তৈরি করা হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি অভিযান পরিচালনা করে। এ সময় সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আবুল মনছুর সিকদার, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট তৌহিদ হোসাইন সিকদার, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আলী আকবর, অ্যাডভোকেট মো. ইকবাল হোসেনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে তারা চেম্বারে প্রবেশ করে অভিযুক্তকে ল্যাপটপ ব্যবহার করে জাল দলিল ও সরকারি কাগজপত্র তৈরি করার সময় হাতেনাতে আটক করেন।

খবর পেয়ে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেন।

পুলিশ জানায়, অভিযুক্তের কাছ থেকে বিভিন্ন সরকারি অফিস ও কর্মকর্তার নামে তৈরি ৩২টি নকল সীল এবং ৮ পাতা খতিয়ানের কাগজ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘ প্রায় এক বছর ধরে জাল সীল, খতিয়ান ও সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে প্রতারণার মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-১১, তারিখ ৪ জুন ২০২৬, পেনাল কোডের ৪১৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৩/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত