শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুকসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, চারটি সাদা কাপড়ের টুকরা, ১০টি বাঁশের লাঠি এবং ১৩টি ইটের টুকরা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন সকালে বন্দর থানার বারেক বিল্ডিং এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে একটি মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, মিছিলটি আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে মিছিলে অংশগ্রহণকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলিপথ দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে মিছিলে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত