শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
spot_img

মানবপাচার চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সমুদ্রপথে মানবপাচার রোধে চলমান নজরদারির অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ উপকূল ব্যবহার করে বিপুল সংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে গত ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সদস্যরা যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করেন।বোটটিতে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একই সময় মানবপাচার চক্রের ৯ সদস্যকে আটক করা হয়।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন চালানো এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া পাচারকারীরা উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।উদ্ধারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আটক বোট ও মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত