
ঢাকার সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো. মোস্তফা (৫০) সাভার মডেল থানার হেমায়েতপুর নতুনপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।ডিবি পুলিশ জানায়, হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় মাদক বিক্রির সংবাদ পেয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোস্তফার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পুলিশের দাবি, মোস্তফা দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন, “গ্রেফতার আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


