
আজ ১৬ জুলাই ২০২৬, বাংলাদেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ এবং চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরামসহ বীর ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে গোটা দেশ।
দিবসটি উপলক্ষে সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে এবং সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পৃথক বাণীতে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ও চেতনা ধারণের প্রত্যয় ব্যক্ত করেন।পরে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনার মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।


