
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। প্রিয় দলের এই পরাজয়ের সঙ্গে আপাতত শেষ হয়ে গেল চিত্রনায়িকা পরীমনির বহুল আলোচিত ‘বিয়ের ঘোষণাও’। ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে তিনি লিখেছেন, “বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।”পরীমনির এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পোস্টটিতে ৫২ হাজারের বেশি প্রতিক্রিয়া আসে। যদিও মন্তব্যের অপশন বন্ধ ছিল, তবু পোস্টটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, আর্জেন্টিনার পরাজয়ে তার মন খারাপ। কারণ, দলটির সঙ্গে তার আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে। তিনি বলেন, “হার মানেই শেষ নয়, নতুনভাবে শুরু করার সুযোগ। ভালোবাসার আর্জেন্টিনা, তোমাদের জন্য অপেক্ষা থাকবে পরের বিশ্বকাপ পর্যন্ত। নিশ্চয়ই আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আর মেসি তো একটা মায়া, তার জন্য ভালোবাসা সবসময় থাকবে।”বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন বিভিন্ন পোস্টে।
মূলত সেমিফাইনালের আগে দেওয়া একটি ফেসবুক পোস্ট থেকেই শুরু হয় আলোচনা। তিনি লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।” মজার ছলে দেওয়া সেই ঘোষণাটি দ্রুত ভাইরাল হয়ে যায়। লাখো প্রতিক্রিয়া ও হাজারো শেয়ারের পাশাপাশি অসংখ্য বিয়ের প্রস্তাবও পান তিনি।বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে পরীমনি বলেন, “আমি তো আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করেছি। এবার ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি সবাই এত সিরিয়াসভাবে নেবে। এত বিয়ের প্রস্তাব আসছে, কী করব বুঝতে পারছি না।”
বিয়ের প্রসঙ্গে আরও একটি বাস্তবতার কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, “বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন ওই পর্যায়ের কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, সে যদি আমার অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলে হয়তো আবার বিয়ে করতে পারব।”শেষ পর্যন্ত আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্ন যেমন পূরণ হয়নি, তেমনি আপাতত বাস্তবায়ন হচ্ছে না পরীমনির সেই আলোচিত ‘বিয়ের ঘোষণা’। তাই ফাইনাল শেষে তার এক লাইনের প্রতিক্রিয়াতেই ফুটে উঠেছে প্রিয় দলের হারে এক সমর্থকের আক্ষেপ—“বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।”


