বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

বিশ্বকাপ হারার পর আবেগঘন স্কালোনি, ডিসেম্বরে বিদায়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

স্পোর্টস ডেস্ক: মাঠে জয়-পরাজয় যাই আসুক, আবেগ নিয়ন্ত্রণে রাখার জন্য পরিচিত ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সেই দৃশ্য আর দেখা গেল না। সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং একপর্যায়ে সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর এক আর্জেন্টাইন সাংবাদিক স্কালোনির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।কান্নাজড়িত কণ্ঠে স্কালোনি বলেন, “আমার কিছুটা সময় দরকার সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমাদের দারুণ একটি দল ছিল। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াও অসাধারণ ছিল। এমন একটি দল হয়তো আর কখনো গড়ে তোলা সম্ভব হবে না।”

এরপর আর নিজেকে সামলে রাখতে না পেরে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান আর্জেন্টিনার এই সফল কোচ।৪৯ বছর বয়সী স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। তিনি জানান, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।তিনি বলেন, “আমি কী করতে চাই, সে সম্পর্কে আমার একটি ধারণা আছে। চুক্তির মেয়াদ শেষ করব, তারপর দেখব। সত্যি বলতে, আমার কিছু সময় নিয়ে ভাবার প্রয়োজন আছে। কারণ জানি না, এর চেয়ে বড় কিছু আর করতে পারব কি না।”

স্কালোনির অধীনে আর্জেন্টিনা একটি স্বর্ণালী সময় পার করেছে। লিওনেল মেসি, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, গঞ্জালো মন্টিয়েলসহ অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের মতো তরুণদের সমন্বয়ে শক্তিশালী দল গড়ে তুলেছিলেন তিনি।

তবে আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আরও চার বছর পর। সে সময় বর্তমান দলের অনেক অভিজ্ঞ ফুটবলারের বয়স বেড়ে যাবে এবং বড় ধরনের প্রজন্ম পরিবর্তনের চ্যালেঞ্জের মুখে পড়বে আর্জেন্টিনা। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, “এগিয়ে যেতে হলে নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে। এমন একটি দল বারবার তৈরি হয় না। আর সেটাই আমার হৃদয়কে সবচেয়ে বেশি কষ্ট দেয়।”

বিদায়ের ইঙ্গিত অবশ্য এবারই প্রথম নয়। ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলকে হারানোর পরও তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা বলেছিলেন। পরে অবশ্য ২০২৪ সালে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত করেন।মেটলাইফ স্টেডিয়াম ছাড়ার আগে স্কালোনি বলেন, “প্রতিটি যাত্রারই একটি শেষ আছে। এই যাত্রা ছিল অসাধারণ। ডিসেম্বর পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।” কথাগুলো বলার সময়ও আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।সব মিলিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে লিওনেল স্কালোনির অধ্যায় শেষের পথে—এমন ইঙ্গিতই মিলেছে তাঁর বক্তব্য ও আচরণে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত