
একটি অনুষ্ঠানে বেবিবাম্পসহ উপস্থিত হয়ে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপর বুধবার ফেসবুকে একটি আবেগঘন পোস্টে মাতৃত্বকালীন সময়ের নানা অনুভূতি, জীবনের পরিবর্তন এবং ভবিষ্যৎ নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন।পোস্টে তিনি লিখেছেন, গর্ভাবস্থায় তার শরীর, মন, অগ্রাধিকার এবং জীবনদর্শনে বড় পরিবর্তন এসেছে। তিনি উল্লেখ করেন, জীবনে বিশ্বাসভঙ্গ, হতাশা ও কঠিন সময়ের মুখোমুখি হলেও সেসব অভিজ্ঞতা তাকে আরও শক্ত করেছে। এখন তিনি অতীতের কষ্ট নয়, বরং সামনে আসা নতুন জীবনের দিকে মনোযোগ দিতে চান।
মৌসুমীর ভাষায়, তার অনাগত সন্তানই তাকে নতুনভাবে বাঁচার শক্তি দিয়েছে। তিনি চান না, তার সন্তান তার অতীতের কোনো তিক্ততার ভার বহন করুক। মাতৃত্বের প্রতিটি অভিজ্ঞতা—স্ট্রেচ মার্ক, নির্ঘুম রাত, ব্যথা কিংবা শিশুর নড়াচড়া—তাকে আরও শক্তিশালী, কোমল ও শান্ত মানুষ হিসেবে গড়ে তুলছে বলে তিনি অনুভব করছেন।পোস্টের শেষাংশে অনাগত সন্তানের উদ্দেশে তিনি লেখেন, সন্তানকে কোলে নেওয়ার আগেই সে তাকে বদলে দিয়েছে। তিনি প্রতিজ্ঞা করেন, জীবনে তিক্ততার বদলে শান্তি, ভয়ের বদলে ভালোবাসা এবং যন্ত্রণার বদলে আশাকেই বেছে নেবেন।প্রসঙ্গত, চলতি বছরের মার্চের শেষে মৌসুমী হামিদ জানান যে, তার সাবেক স্বামী আবু সাইয়িদ রানা-র সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং বছরের শুরু থেকেই তারা আলাদা ছিলেন। পরে জুলাই মাসে তিনি নতুন জীবনসঙ্গী আবদুল ওয়াদুদ সজীব-এর সঙ্গে নতুন সংসার শুরুর খবরও প্রকাশ করেন।


