
ইতালির তারকা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা দীর্ঘদিনের সঙ্গী অ্যালেসিয়া এলেফান্তেকে বিয়ে করেছেন। ইতালির মনোরম লোকোরোতন্দো শহরে আয়োজিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে ইউরোপীয় ফুটবলের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। তবে পুরো আয়োজনের অন্যতম আকর্ষণে পরিণত হন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড।
প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেনকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন ম্যানচেস্টার সিটির এই তারকা। বিয়ের অনুষ্ঠানে ড্রামের তালে নেচে এবং নরওয়ের বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে অংশ নিয়ে উপস্থিত অতিথিদের মাতিয়ে তোলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তটির ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
বিশ্বকাপ চলাকালে নরওয়ের সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে ‘ভাইকিং রো’ উদযাপন। ম্যাচ শেষে মার্টিন ওডেগার্ড, আর্লিং হালান্ডসহ নরওয়ের খেলোয়াড়দের এই উদযাপন করতে দেখা গেছে। এবার সেই একই দৃশ্য দেখা গেল দোন্নারুমার বিয়ের অনুষ্ঠানে।অনুষ্ঠানে ইতালির সাবেক অধিনায়ক ও বর্তমান ইতালি ফুটবল ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর পাওলো মালদিনি, সান্দ্রো টোনালি, নিকোলো বারেল্লাসহ জাতীয় দলের একাধিক ফুটবলার উপস্থিত ছিলেন।
সম্প্রতি ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পাশাপাশি নিজের প্রথম বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেন হালান্ড। তার ৭ গোলের নৈপুণ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে। বিশ্বকাপ শেষে এখন অবকাশ যাপন করছেন তিনি। এখনও ম্যানচেস্টার সিটির প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দেননি।


