
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের শিল্প খাতে নতুন যুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ও গণচীন সরকারের (জি-টু-জি) যৌথ উদ্যোগে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় বাস্তবায়িত এই প্রকল্প দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈচিত্র্যময় শিল্পায়ন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের নীতিগত সহায়তায় এই শিল্পাঞ্চলে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ বাস্তবায়নের পথে রয়েছে। বিনিয়োগকারীদের জন্য দ্রুত সেবা নিশ্চিত করতে খুব শিগগিরই শতভাগ কার্যকর সিঙ্গেল উইন্ডো সার্ভিস চালু করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ৭৭৬ একর এলাকাজুড়ে গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে ৩৬ হাজারের বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে তৈরি পোশাক ও টেক্সটাইলের পাশাপাশি বায়ো-ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং চামড়াজাত পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, যা দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, সিইআইজেড কর্ণফুলী টানেল থেকে মাত্র ৭০০ মিটার, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২ কিলোমিটার দূরে হওয়ায় এটি বিনিয়োগকারীদের জন্য একটি কৌশলগত অবস্থান তৈরি করবে।
শিল্পাঞ্চলে আন্তর্জাতিক মানের সেন্ট্রাল এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের ভাইস চেয়ারম্যান লি চ্যাংগুই এবং বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান।


