
চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে নোয়াখালীর ভাসানচর উপকূল থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার, ছোলা ও বুটের ডাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৮ জুলাই মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়।
এ সময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়।কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, আটককৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


