
চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৮-৭ গোলে আলোর ঠিকানাকে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।
নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধে আলোর ঠিকানা পেনাল্টি পেলেও অধিনায়ক আরিফুল ইসলাম গোল করতে ব্যর্থ হন। পরে গোসাইলডাঙ্গার অধিনায়ক রফিকুল ইসলাম পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে আলোর ঠিকানার মো. সাইফ উদ্দিন সমতা ফেরান। পরে টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জয় নিশ্চিত করে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী।
খেলা শেষে আয়োজক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “খেলাধুলার কোনো বিকল্প নেই। মন ভালো রাখতে এবং পড়ালেখায় মনোযোগ বাড়াতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি জানান, মেয়র হওয়ার পর ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে ১১টি মাঠের কাজ সম্পন্ন হয়েছে এবং শিগগিরই জাম্বুরি খেলার মাঠ উদ্বোধন করা হবে।
টুর্নামেন্টে ইকরাম হোসেন ফাইনালের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হন। সামিউর রহমান হন সর্বোচ্চ গোলদাতা। সুশৃঙ্খল দলের পুরস্কার পায় কল্লোল সংঘ গ্রীন, সেরা কোচ নির্বাচিত হন বাহার হোসেন খান এবং সেরা টিম ম্যানেজার হন ইউনুচ মিয়া জুয়েল।


