
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের বিভেদ নয়—পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সহাবস্থানের মধ্য দিয়েই একটি সাম্যের চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব। উন্নয়ন ও নাগরিক সেবায় কোনো বৈষম্যের সুযোগ নেই।
শুক্রবার (৩১ জুলাই) নগরের বাকলিয়াস্থ সৎসঙ্গ বিহার চট্টগ্রামে পরমারাধ্যা জগজ্জননী শ্রীশ্রী বড়মার ১৩৩তম শুভ আবির্ভাব দিবস এবং সৎসঙ্গ বিহার চট্টগ্রামের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই ঐতিহ্য ধরে রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিক মূল্যবোধ ও সহনশীলতার চর্চা প্রয়োজন। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সংহতিও একটি সভ্য সমাজ গঠনে সমান গুরুত্বপূর্ণ।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তুলতে কাজ করছে, যেখানে ধর্ম বা সম্প্রদায় নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন। তিনি সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব।


