
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা এলাকায় মাদক, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অভিযানে ১ হাজার ৫০ গ্রাম (১ কেজি ৫০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়েছে। সিএমপি নিয়মিতভাবে নগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।
শনিবার (১ আগস্ট) সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
এছাড়া ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা একটি মাদক মামলার এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়।অভিযানের অংশ হিসেবে কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় সন্দেহজনকভাবে উদ্দেশ্যহীন ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশের আওতায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে মাদক, ছিনতাই, চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


