
ক্ষমতাসীন দল বিএনপিকে উদ্দেশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৭টা বছর জুলুমের শিকার হয়েছি আমরাও, আপনারাও। এখন হঠাৎ করে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দিলেন একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে। এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি।
তিনি বলেন, নির্বাচন তো একটা হয়নি, দুটো হয়েছে। শপথ দুইটা নেওয়ার কথা ছিল। আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? সেই আপনারাই তো আমাদের মতো বলেছিলেন গণভোটে ‘হ্যাঁ’ বলবো। জনগণ তো ‘হাঁ’ বলেছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলার পরে জনগণের এই অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন? ৭১ এর যুদ্ধ কেন হয়েছিল? বেসিক দুইটা কারণ ছিল। একটা ছিল বৈষম্য। আরেকটা ছিল জনগণের ভোটকে সম্মান না দেখানো।


