
ঢাকা, ৩ আগস্ট: দেশের সকল মহানগরী ও জেলায় আগামী ৬ আগস্ট বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। একইসঙ্গে ৫ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ আয়োজনেরও ঘোষণা দেওয়া হয়েছে।সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক শেষে জোটের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বা ভুল বিল এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ আগস্ট সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
এছাড়া ৬ আগস্ট দেশের সকল মহানগরী ও জেলা পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে জোটের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হবে।জোটের নেতারা আরও জানিয়েছেন, ৫ আগস্টের গণসমাবেশ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী বা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।


