
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে পৃথক দুইটি অভিযানে মোট ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
বুধবার (৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি জানান, গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফ থানার মিঠাপানিরছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।অপরদিকে, বুধবার (৫ আগস্ট) রাত ২টার দিকে টেকনাফ থানার জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর একটি বসতবাড়িতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) যৌথ উদ্যোগে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বসতবাড়ির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রাখবে।


