মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
spot_img

সিটি ব্যাংকের মূলধন ২ হাজার থেকে ৩ হাজার কোটি টাকা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাব অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।রোববার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে ১৩ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হবে। এই মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে।এ ছাড়া ব্যাংকের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবগুলোতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৪ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর ২০২৬।

তবে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তি পাওয়ার পর এসব সিদ্ধান্ত কার্যকর হবে।এদিকে ২০২৬ সালের প্রথম ছয় মাসে সিটি ব্যাংকের আর্থিক ফলাফলেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস হয়েছে ৩ টাকা ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭২ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে প্রায় ৭৫ শতাংশ।আলোচিত সময়ে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৫২৭ কোটি টাকা। আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩০১ কোটি টাকা। ফলে এক বছরে নিট মুনাফা বেড়েছে ২২৭ কোটি টাকা বা ৭৫ শতাংশ।

অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন সময়ে সিটি ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ ইপিএস ছিল ১ টাকা ১৯ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৪৪ পয়সা বা প্রায় ৩৭ শতাংশ।গত ৩০ জুন শেষে সিটি ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬০ পয়সায়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত