রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

নতুন সিনেমায় রুনা খান, হাওরেই কাটছে পুরো আগস্ট

নিজস্ব প্রতিবেদক

হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী রুনা খান। এবার নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন তিনি। রাজন তালুকদার পরিচালিত সিনেমাটির শুটিং বর্তমানে চলছে সুনামগঞ্জের হাওর এলাকায়।গত ১৫ আগস্ট থেকে সুনামগঞ্জে শুরু হয়েছে ‘জলপবন’-এর শুটিং। পুরো আগস্টজুড়েই হাওরের বিভিন্ন এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ চলবে বলে জানা গেছে।শুটিংয়ের ফাঁকে সিনেমাটি নিয়ে কথা বলেছেন রুনা খান। তিনি জানান, ‘জলপবন’ মূলত অপেক্ষার গল্প। এর মাধ্যমে হাওর এলাকার মানুষের জীবন ও তাঁদের বাস্তবতার নানা দিক তুলে ধরা হবে।

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে রুনা খান বলেন, তাঁকে ‘নিরালা’ চরিত্রে দেখা যাবে। চরিত্রটি পছন্দ হয়েছে বলেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। তবে গল্প ও চরিত্র সম্পর্কে এর বেশি কিছু এখনই প্রকাশ করতে চান না অভিনেত্রী।রুনা খান বলেন, এটি একটি স্বাধীন চলচ্চিত্র। তাই এখানে পরিচিত মুখের সংখ্যা খুব বেশি নয়। নির্মাতা রাজন তালুকদারের এটি প্রথম সিনেমা। একইভাবে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের অনেকেরও এটি প্রথম চলচ্চিত্র।তবে নতুন হলেও পুরো টিমের কাজের সক্ষমতা নিয়ে আশাবাদী রুনা খান। নির্মাতা রাজন তালুকদার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন।

সিনেমাটিতে রুনা খানের সঙ্গে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। সুশান্ত প্রাচ্যনাট থিয়েটারের সদস্য। অন্যদিকে সামিউল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছেন। এ ছাড়া স্থানীয় অনেক অভিনয়শিল্পীও সিনেমাটিতে কাজ করছেন, যাঁদের বেশির ভাগই থিয়েটারের সঙ্গে যুক্ত।রুনা খান বলেন, ‘জলপবন’ খুব ভালো একটি কাজ হচ্ছে। তাঁর প্রত্যাশা, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে এবং দর্শক একটি ভিন্নধর্মী গল্প উপভোগ করতে পারবেন।

এদিকে মুক্তির প্রস্তুতি নিচ্ছে রুনা খান অভিনীত আরেক সিনেমা ‘লীলা মন্থন’। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে তাঁর সহশিল্পী শহীদুজ্জামান সেলিম। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। ছাড়পত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।এ ছাড়া রুনা খান অভিনীত আরও দুটি সিনেমা ‘বক’‘দাফন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘বক’ পরিচালনা করেছেন মাসুদ পথিক এবং ‘দাফন’ পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস।নতুন ও মুক্তির অপেক্ষায় থাকা একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রুনা খান। এর মধ্যে ‘জলপবন’ হাওরের মানুষের জীবন ও অপেক্ষার গল্প কতটা গভীরভাবে দর্শকের সামনে তুলে ধরতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত