
সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী পদ্মা কোম্পানির ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে তিনজন অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের তথ্যমতে, তেলবাহী ট্রাকটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা সাতজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।এর আগে গত ৭ আগস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। ওই ঘটনার মাত্র ১৫ দিনের মাথায় একই মহাসড়কে আবারও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল।


