
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। স্বামী-সন্তান নিয়ে ব্যক্তিজীবনে ব্যস্ত থাকা এই অভিনেত্রী সম্প্রতি নিজের অতীত জীবন ও ধর্মীয় ভাবনা নিয়ে দেওয়া একটি বক্তব্যের কারণে নতুন করে আলোচনায় এসেছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে পপি বলেন, জীবনের বাকি সময়টা আল্লাহ-খোদার নাম নিয়ে কাটাতে চান তিনি। জীবনে যত পাপ করেছেন, সেসব ধুয়ে-মুছে সুন্দরভাবে মৃত্যুবরণ করার প্রত্যাশার কথাও জানান এই অভিনেত্রী।পপির এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ তার সিদ্ধান্তকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখলেও অনেকে তার ‘পাপ’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনের কয়েকজন শিল্পীও নিজেদের মতামত প্রকাশ করেছেন।
চিত্রনায়ক বাপ্পারাজ পপির বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ই, বেকারদের জন্য না।’ তার এই মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।এদিকে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও ফেসবুকে পপির বক্তব্য নিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নিজের মতামত তুলে ধরেছেন। তিনি লেখেন, নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বলেছেন। এরপর শাবনূর ও পূর্ণিমাও একই ধরনের কথা বললে ‘একটা জেনারেশন পূর্ণ’ হবে—এমন মন্তব্য করেন তিনি।জয় আরও প্রশ্ন তোলেন, অভিনেত্রীরা যদি অভিনয়কে ভুল বা পাপ হিসেবে মনে করেন, তাহলে তাদের ভক্তদের কী হবে? তার ভাষায়, দর্শক ও ভক্তরা তো তাদের না বুঝেই অনুসরণ করেছেন এবং ভালোবেসেছেন। তাই ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া করার আহ্বান জানান তিনি।অন্যদিকে বিষয়টি নিয়ে সরাসরি পপির নাম উল্লেখ না করেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
তিনি লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’সংস্কৃতিচর্চার সঙ্গে শিক্ষা ও মূল্যবোধের সম্পর্ক তুলে ধরে প্রভা আরও বলেন, তিনি চান যারা সংস্কৃতিচর্চায় আসবেন, তারা শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধ নিয়ে আসুন এবং নিজেদের পরিচয়ের প্রতি সম্মান রাখুন।প্রভা তার বক্তব্যে আরও স্পষ্ট করে বলেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি।’ একজন শিল্পীকে অসম্মান করাও সভ্যতার শিক্ষা নয় বলে মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, একসময় ঢাকাই চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় ছিলেন পপি। বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন এই অভিনেত্রী। সম্প্রতি তার ধর্মীয় ভাবনা ও অতীত জীবন নিয়ে মন্তব্যের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।


