শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
spot_img

টেকনাফে ১৪ কেজি আইস, মদ ও ৫ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মায়ানমার থেকে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরী যৌথভাবে টেকনাফ থানাধীন জালিয়ার দ্বীপ এবং জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন এবং জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের দুটি বোট বিচিং করে পালিয়ে যায়।পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি কাঠের বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।অন্যদিকে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উখিয়া থানাধীন পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সব আলামত এবং আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত