
চট্টগ্রামের আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়ার মোড় এলাকায় এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র্যাব-৭-এর একটি দল।র্যাব জানায়, চট্টগ্রাম শহরের দিকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের সামনের অংশে ইংরেজিতে ‘PRESS Daily Bangladesh Observer’ লেখা স্টিকার দেখতে পেয়ে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিতে মোটরসাইকেলের হাফ চেসিস ও চেসিস বক্সের ভেতর থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।আটক নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।র্যাব-৭ জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


