রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

চট্টগ্রাম ওয়াসা-ড্রিংকওয়েলের চুক্তি, বসবে আরও ৯৪ বুথ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর নিম্ন আয়ের জনগোষ্ঠী, পানি সংকটাপন্ন এলাকা এবং নিরাপদ খাবার পানির সীমিত সুবিধাপ্রাপ্ত মানুষের জন্য পানির এটিএম বুথ স্থাপনে চট্টগ্রাম ওয়াসা ও ড্রিংকওয়েলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসার বোর্ড কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এবং ড্রিংকওয়েলের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তির আওতায় নগরীর বিভিন্ন এলাকায় আরও ৯৪টি পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ড্রিংকওয়েল ৬টি পানির এটিএম বুথ পরিচালনা করছে। নতুন বুথ স্থাপনের মাধ্যমে পানি সংকটাপন্ন ও নিম্ন আয়ের মানুষের কাছে নিরাপদ ও সাশ্রয়ী পানি সহজলভ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে।চুক্তি অনুযায়ী, ড্রিংকওয়েল চট্টগ্রাম ওয়াসার পাম্প বা সরবরাহ লাইনের পানির গুণগত মান মূল্যায়ন করবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পানি শোধন ব্যবস্থার উদ্যোগও নেওয়া হবে। বুথ স্থাপনের জন্য চট্টগ্রাম ওয়াসার সহায়তায় জমি দেওয়া হবে এবং প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতির অর্থায়ন করবে ড্রিংকওয়েল।বুথের পানি বিক্রি অনুমোদিত কর্মী অথবা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। কোনো বুথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ৪৮ ঘণ্টার মধ্যে তা সমাধানের নিশ্চয়তা দিয়েছে ড্রিংকওয়েল। কোনো বুথ ৭২ ঘণ্টার বেশি বন্ধ থাকলে জনসাধারণের ভোগান্তি কমাতে বিকল্প সাময়িক পানি বিতরণ ব্যবস্থা চালুর কথাও চুক্তিতে রয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, এটি শুধু একটি সমঝোতা স্মারক নয়; বরং চট্টগ্রাম নগরীর পানি সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করার একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব।তিনি বলেন, বর্তমানে ড্রিংকওয়েলের ৬টি এটিএম বুথের মাধ্যমে জনগণ সেবা পাচ্ছেন এবং এতে ব্যাপক সাড়া মিলেছে। ভবিষ্যতে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য গভীর নলকূপ স্থাপন এবং লবণাক্ততাপ্রবণ এলাকায় রিভার্স অসমোসিস (RO) প্রযুক্তির মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।এ ছাড়া ওয়াসার বিলিং ব্যবস্থা আধুনিকায়নে বিলিং অ্যাপস তৈরি ও পানির লাইন সম্প্রসারণসহ বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে চট্টগ্রাম ওয়াসা ও ড্রিংকওয়েলের সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং এর সুফল সরাসরি নগরবাসীর কাছে পৌঁছাবে।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার বলেন, পানির এটিএম বুথ শুধু অবকাঠামো নির্মাণের বিষয় নয়; এর সঙ্গে মানুষের স্বাস্থ্য, জীবনযাত্রার মান ও সামাজিক নিরাপত্তা জড়িত। পানি সংকটাপন্ন ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ড্রিংকওয়েলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত