বুধবার, নভেম্বর ৪, ২০২৬

স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রী সুফিয়া আক্তার নিশিকে (২৪) হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে হত্যাকাণ্ডের কথা জানানোর অভিযোগ উঠেছে স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরের (২৮) বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নিশি ওই এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মনির রাজশাহীর গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুলের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিশি ঘুমিয়ে পড়লে মনির প্রথমে তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন এবং পরে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

হত্যাকাণ্ডের পর মনির নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানিয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত