বুধবার, নভেম্বর ৪, ২০২৬

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

তথ্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ, সামাজিক যোগাযোগমাধ্যমের অপতথ্য থেকে সতর্ক থাকার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে বিস্তারিত জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। সৌদি কর্তৃপক্ষের কাছে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য চাওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্টভাবে জানা এবং পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব হবে। নথিপত্র পর্যালোচনা করে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে ঢাকা।

তিনি জানান, সৌদি আরবের কারাগারে থাকা বাংলাদেশিদের নাম-পরিচয়সহ বিভিন্ন তথ্য নিয়মিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মিশনগুলোতে পাঠানো হয়। দুই ব্যক্তির নাম ওই তালিকায় রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন শামা ওবায়েদ। তিনি বলেন, ভুল তথ্য ও অপতথ্য থেকে সতর্ক থাকতে হবে এবং রায়ের কপি পাওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে।

সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কাছে এখনো এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই। পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব গুরুত্বপূর্ণ একটি গন্তব্য এবং দেশের রেমিট্যান্সের অন্যতম বড় উৎস। সৌদি কর্তৃপক্ষের প্রতিক্রিয়াকে ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত