বুধবার, নভেম্বর ৪, ২০২৬

মিঠাপুকুরে ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জের শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।এতে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহতদের পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত