
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর ওয়াসা মোড়ে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হওয়াকে কেন্দ্র করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, ওই দিনের সহিংসতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তিনি বলেন, সেদিন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মানবঢাল তৈরি করায় নেতৃবৃন্দকে রক্ষা করা সম্ভব হয়েছিল।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। দেশে আইনের শাসন ও বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে চট্টগ্রামকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশপন্থী রাজনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা হয়েছিল বলে জামায়াত মনে করে। তাঁর দাবি, ওই ঘটনার মামলা পুনরুজ্জীবিত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।তিনি আরও বলেন, দেশের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার পূরণ করতে হবে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও দেশের স্বার্থে কার্যকর ভূমিকা পালনের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম।এ সময় নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ফারুকে আজম ও ফখরে জাহান সিরাজীসহ মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

