বৃহস্পতিবার সকালে সমকালকে এসব তথ্য জানান নৌ পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে যায়। পরে তুরাগ নদে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করা হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় ওই ব্যক্তির পরনে সাদা পাজামা ও কালো জামা দেখতে পায়। তাঁর হাতে একটি ঘড়ি ছিল এবং পকেটে পাওয়া যায় একটি আইফোন। ওই ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি।
তাঁর বাবার নাম কে এম এনায়েতুর। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা। নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, তাহসিফ সাউরির এক আত্মীয়কে খবর দেওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, তাহসিফ সাউরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্তের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি ধারণ করেছিলেন তাহসিফ সাউরি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ দাবির সত্যতা নিশ্চিত করেননি নৌ পুলিশের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের পরবর্তী তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ

