
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠের সামনে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের আরও ৮ থেকে ৯ জন সহযোগী পালিয়ে যায়।
সোমবার (১৫ জুন) মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পলোগ্রাউন্ড মাঠের সামনে একটি অন্ধকারাচ্ছন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে শলাপরামর্শরত অবস্থায় মো. রাসেল ওরফে পেটকাটা রাসেল (৩৮), মো. রাসেল ওরফে রিপন (২৭) এবং মো. রবিউল হাসান রুবেল (১৭)-কে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তবে তাদের সহযোগী অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করার পাশাপাশি থানা রেকর্ড যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া যায়।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, নগরীতে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে একাধিক স্পেশাল সিভিল টিমের মাধ্যমে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


