
চট্টগ্রামে সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা বৃদ্ধি এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত ‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়)’ এর আওতায় জেলা পর্যায়ের একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক ড. মঈন উদ্দিন আহমেদ এবং সামুদ্রিক মৎস্য দপ্তর, চট্টগ্রামের পরিচালক মো. নজরুল ইসলাম।
জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
কর্মশালায় বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষি, হ্যাচারি মালিক, উদ্যোক্তা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা সরকারি খামারগুলোতে আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের গুরুত্ব তুলে ধরে বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে খামার ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর হবে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রকল্পের মাধ্যমে সরকারি খামার এবং মৎস্য চাষিদের সক্ষমতা বৃদ্ধি পাবে, উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত চলমান এ প্রকল্পের আওতায় চট্টগ্রামের সরকারি পটিয়া মৎস্য বীজ উৎপাদন খামারে ইন্টারনেট অব থিংস (IoT) প্রযুক্তি, সোলার প্যানেল স্থাপন, উন্নত পানি ব্যবস্থাপনা, পুকুর খনন এবং প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রম সম্পন্ন হলে খামারটির উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়ে প্রতি হেক্টরে ৪৭ লাখ মৎস্য বীজ উৎপাদনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মত প্রকাশ করেন।


