শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে হেলথ কার্ড চালু করেছি: মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্কুল ও কলেজগুলোতে প্রথমবারের মতো ‘হেলথ কার্ড’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।

সোমবার নগরীর ষোলশহরস্থ হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী, কলেজের অধ্যক্ষ এস এম এহসান উদ্দিন এবং গভর্নিং বডির সদস্য ও সমাজসেবক মো. শায়েস্তা উল্লাহ চৌধুরী।মেয়র বলেন, হেলথ কার্ডের আওতায় নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি ও চিকিৎসা গ্রহণের ক্ষেত্রেও বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। তিনি এ উদ্যোগকে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সময় ও শৃঙ্খলা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। সুস্থ থাকার জন্য নিয়মিত সকালের নাস্তা খাওয়ার অভ্যাস গড়ে তোলারও পরামর্শ দেন তিনি।আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, পরীক্ষার হলে কোনো প্রশ্ন কঠিন মনে হলে ভয় না পেয়ে ধৈর্য ও মনোযোগের সঙ্গে তা পড়তে হবে। আত্মবিশ্বাস বজায় রেখে নিজের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাদের মধ্য থেকেই ভবিষ্যতের প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও বিভিন্ন খাতের নেতৃত্ব উঠে আসবে। তাই জীবনের যেখানেই যাক না কেন, নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং শেকড়কে কখনো ভুলে না যাওয়ার আহ্বান জানান তিনি।শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে মেয়র জানান, কলেজের অবকাঠামো উন্নয়ন, ভবন নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয় কাজগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের জন্য খেলার মাঠের প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, উপযুক্ত স্থান নির্ধারণ করা গেলে মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।এ সময় তিনি জানান, চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি মাঠের কাজ সম্পন্ন হয়েছে এবং আরও কয়েকটির কাজ শেষ পর্যায়ে রয়েছে।অনুষ্ঠান শেষে মেয়র শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করেন। একই সঙ্গে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত