
গত ৪ তারিখ দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটায় চট্টগ্রাম ডিসিহিলে অবস্থিত ডিসি বাসভবন হতে বের হওয়া একটি সরকারি সাদা গাড়ি গেইটে দাঁড়িয়ে থাকা অন্তঃসত্ত্বা কুকুরকে চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ টি ভাইরাল হয় এবং চট্টগ্রাম প্রতিদিন এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
উক্ত ঘটনার বিষয়ে চট্টগ্রামের প্রাণী ও পরিবেশ অধিকার কর্মীরা মিলে ০৬/১০/২৫ তারিখে কোতোয়ালি থানায় একটি অভিযোগ পত্র দায়ের করে, থানার অফিস ইনচার্জ অভিযোগপত্র গ্রহণ করার পর আশ্বাস দেন যে উক্ত ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু এই পর্যন্ত প্রশাসনিক অগ্রগতি না হওয়ায় আজ ১০ ডিসেম্বর তোফাইল আহম্মদ (২৭) বাদী হয়ে “চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট(CMM)” এ একটি মামলা দায়ের করে।
মহামান্য আদালত উক্ত মামলা গ্রহণ করে ১৫ কার্য দিবসের মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ঘটনা তদন্ত পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।
এ সময় বাদী পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নাজবীন জেনি, এডভোকেট টুটুল রায়, এডভোকেট সুজন দাস, এডভোকেট ফয়সাল হামিদ, এডভোকেট রিদোয়ান, এডভোকেট ফজলুল সাব্বির অভি, এডভোকেট সৌরভ কান্তি দত্ত, এডভোকেট ওমর ফারুক, এডভোকেট তৌহিদুল আলমসহ প্রমুখ।
এসময় বাদী পক্ষের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রাণী কল্যাণ কর্মী রিতু পারভী, শিল্পী ফাহমিদা রহমান, শামীমা আরা চৌধুরী, ডাক্তার মোঃ মনজুরুল করিম বিপ্লব, আফরোজা হোসাইন, জুনায়েদ সাকিব, সিদ্দিকুর রহমান রাব্বি, মেহেদী হাসান হিমু, সাকিবুল ইসলামসহ প্রমুখ।
উপস্থিত প্রাণী কল্যাণকর্মীরা বলেন দেশের প্রাণীর প্রতি সহিংসতা বেড়ে গিয়েছে প্রাণী কল্যাণ আইন ২০১৯ লংঘন করছে। কিছুদিন আগে পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে দেওয়ার মতো নেককারজনক ঘটনা ঘটে, আমাদের চট্টগ্রামেও গত ৪ তারিখ রাতে অন্তঃসত্ত্বা একটি কুকুরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে। আদালত ও প্রশাসনের নিকট আমাদের দাবি প্রাণীরা যেন তাদের হত্যার বিচার পাই এবং সকলে যেন মানবিক দৃষ্টিকোণ থেকে প্রাণীর প্রতি সদয় আচরণ করি।


